বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে শ্রীলঙ্কা দলের কোচ হবার প্রস্তাব দিতে যাচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের একটি গণমাধ্যমকে প্রস্তাব দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
তবে আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কিছু জানায়নি লঙ্কান বোর্ড। সম্প্রতি অনির্দিষ্ট কারণে চুক্তি শেষ হবার আগেই শ্রীলঙ্কার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মারভান আতাপাত্তু।
এরপর জেরোমে জয়ারত্নেকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। আতাপাত্তুর পদত্যাগের পর থেকেই, লঙ্কান বোর্ড হাথুরুসিংহেকে কোচ হবার প্রস্তাব দিতে যাচ্ছে বলে গুঞ্জন চলছে।
তবে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে টাইগার কোচ জানান, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আলাপ হয়নি তার। তিনি বাংলাদেশে ভালো আছেন। টাইগার দলের সঙ্গে কাজ করে সন্তুষ্ঠ।