বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের তৃতীয় আসর শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ। আসরে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও জানা যায়।
বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিএল শুরুর দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা এ ৩টি ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবির গভর্নিং কাউন্সিল। আর বিসিবির যেকোনো পরিচালক, যে কোন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকতে পারবেন।
গুঞ্জন ছিলো ৮টি দল নিয়ে আয়োজিত হতে পারে ঘরোয়া টি-টোয়েন্টির এই আসর। তবে নতুন ও পুরাতন মিলে মোট ৬টি দল নিয়েই যে বিপিএলের তৃতীয় আসর বসবে— তা নিশ্চিত করলো বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আই এইচ মল্লিক।
আই এইচ মল্লিক বলেন, ঢাকার ফ্র্যাঞ্চাইজি পেয়েছে বেক্সিমকো গ্রুপ। গত দুই আসরে বরিশালের মালিক আলিফ গ্রুপ এবার কিনেছে সিলেটের মালিকানা। আই স্পোর্টস কিনেছে রংপুর। কুমিল্লার মালিক হয়েছে রয়্যাল স্পোর্টস। বরিশালের ফ্র্যাঞ্চাইজি পেয়েছে এক্সিওম গ্রুপ। আর চট্টগ্রামের মালিকানা স্বত্ত কিনেছে ডিবিএল গ্রুপ। ৫টি'র কথা আগেই নিশ্চিত করেছিলো বিসিবি। আজ নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে কুমিল্লার নাম ঘোষণা করা হয়।
এবারের আসরের টাইটেল স্পন্সরশিপ পেয়েছে বিআরবি ক্যাবলস বলেও জানান তিনি।