উয়েফা চ্যাম্পিয়ন্স লিওনেল মেসির শততম ম্যাচে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ক্যাটালানরা।
দিনের অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে চেলসি, বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুজেন। তবে, দিনামো জাগরেবের কাছে হেরে গেছে আর্সেনাল।
ইস্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে, ম্যাচের ২০ মিনিটে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। রাকিতিচের ক্রস থেকে হেডে গোল করেন সুয়ারেজ। তবে মিনিট দশেক পর মাঝমাঠ থেকে দুর্দান্ত এক গোল করে রোমাকে সমতায় ফেরান ফ্লোরেঞ্জি।
বাকি সময়ে আর কোন গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ক্যাটালানদের।
দিনের আরেক ম্যাচে, ১০ জনের আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দূর্দান্ত সূচনা করল ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেব।
অন্যদিকে, থমাস মুলারের জোড়া গোলে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আর ‘এফ’ গ্রুপের ম্যাচে মাকাবি তেল আভিভকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি।