অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী –নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের তরফ থেকে কোনো সমস্যা নেই— তারা যদি এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য কথা বলতে চায় তাহলে তা বলতে পারেন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি বলেন, ‘সফরের ব্যাপারে আমরা আশাবাদী— তাদের নিরাপত্তা দলের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন জমা দেবেন তাদের দেশে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই জানা যাবে, অস্ট্রেলীয় ক্রিকেট দল কবে বাংলাদেশ সফরে আসবে।’
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল আজ ঢাকায় এসেছেন।
তিনি সরাসরি অস্ট্রেলীয় দূতাবাসে চলে যান। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ক্যারল। বাংলাদেশের বোর্ড প্রধানের সঙ্গে ছিলেন ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক মাহবু্ব আনাম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
শন ক্যারল আজই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। আগামীকাল-সোমবার তার দেখা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে।
গত শুক্রবার অস্ট্রেলীয় নাগরিকদের জন্য বাংলাদেশকে ‘অনিরাপদ’ হিসেবে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদপ্তর (ডিএফএটি)যে প্রতিবেদন প্রকাশ করেছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ সফরের ব্যাপারে আপাতত ‘ধীরে চলা’র নীতি গ্রহণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সোমবার বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলীয় ক্রিকেট দলের।