অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে—সিদ্ধান্ত পরিবর্তন করে তারা বাংলাদেশ সফরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিরাপত্তা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিতে প্রতিনিধি দলকে আশ্বস্ত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের নিরাপত্তা পরিকল্পনায় অস্ট্রেলীয় প্রতিনিধি দল সন্তুষ্ট।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলকে নিরাপত্তা বিষয়ে নেয়া পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে। এছাড়া জানতে চাওয়া হয়েছে তারা আরো কি ধরনে নিরাপত্তা চায়।'
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের-বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ক্রিকেটের জন্য বাংলাদেশ কখনোই অনিরাপদ নয়।
অস্ট্রেলীয় প্রতিনিধি দল নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হলেও সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া ও সেদেশের সরকার বলে জানান তিনি।
তিনি বলেন, 'এর আগে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা খেলেছে। তাদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয়নি।'
কবে নাগাদ অস্ট্রেলিয়া আসতে পারে- এ প্রশ্নের জবাবে পাপন বলেন, 'বিষয়টি অস্ট্রেলিয়া সরকার ও সেদেশের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।'
এ সময় অস্ট্রেলীয় হাইকমিশনার গ্রেগ উইলকক বলেন, বাংলাদেশের নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি তার সরকারকে জানাবেন—এরপর সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের হঠাৎ একটি 'সতর্কবার্তা' পেয়ে শেষ মুহূর্তে বাংলাদেশ সফর পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপর বাংলাদেশ পরিস্থিতি পর্যালোচনা করতে রোববার ঢাকায় আসেন সিএর প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল।