বিশ্বকাপ-২০১৮ বাছাই পর্বের ম্যাচে হোচট খেলো ব্রাজিল ও আর্জেন্টিনা। চিলির কাছে ২-০ গোলের হেরেছে সেলেসাওরা। অন্যদিকে ইকুয়েডরের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে আলবিসেলেস্তারা। এদিকে, ২০১৬ ইউরো বাছাই পর্বের ম্যাচে শেন লংয়ের একমাত্র গোলে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে আয়ারল্যান্ড।
বুয়েন্স এয়ার্স স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামে লিওনেল মেসি বিহীন আর্জেন্টিনা। তবে মেসি না থাকলেও জেরার্ডো মার্টিনোর স্কোয়াডে ছিল সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়ার মত তারকারা। খেলার শুরু থেকেই বেশ কবার আক্রমণে গেলেও শক্তিশালী রক্ষণ ভেঙে ইকুয়েডরের জালে বল পাঠাতে ব্যর্থ হয় আলবিসেলেস্তারা।
দ্বিতীয়ার্ধ খেলা শেষ হবার মিনিট দশেক আগে আর্জেন্টিনাকে হাইভোল্টেজ শক দেয় ইকুয়েডর। ৮১ মিনিটে ফ্রিকসন ইজারোর গোলের দুই মিনিটের পরই আলবিসেলেস্তাদের জালে বল পাঠান ফিলিডে কাইছেদো। নির্ধারিত সময় শেষে ইকুয়েডরের কাছে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
ল্যাটিন আমেরিকার আরেক জায়ান্ট ব্রাজিল খেলতে নামে চিলির বিপক্ষে। প্রথমার্ধ গোলবিহীনভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে লিড নেয় চিলিয়ানরা। ৭২ মিনিটে সেলেসাওদের জালে বল পাঠান ইদুয়ার্দো ভার্গাস। আর খেলা শেষ হবার এক মিনিট আগে আলেক্সিস সানচেজ গোল করে চিলিকে ২-০ ব্যবধানের জয় এনে দেন।
বাছাই পর্বের অন্য ম্যাচে, লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানিকে ছাড়াই বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। গোল করেছেন মার্টিন কাসিয়ারেস ও দিয়াগো গদিন। অন্যদিকে, হামিশ রদ্রিগেজের কলম্বিয়া ২-০ ব্যবধানে হারিয়েছে পেরুকে।
এদিকে, ইউরো ২০১৬ বাছাই পর্বের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড রিপাবলিক। শেন লংয়ের একমাত্র গোলে মানশ্রাফটদের হারিয়ে ইউরো মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে আইরিশরা।
ইউরো বাছাই পর্বের আরেক ম্যাচে, ডেনমার্কের বিপক্ষে হোয়া মৌতিনিয়োর একমাত্র গোলে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এ জয়ের মধ্য দিয়ে মূল পর্বে জায়গা করে নিল পর্তুগীজরা।