ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ১২ মিনিটে তিন গোল করে ওয়াটফোর্ডকে হারিয়েছে আর্সেনাল। এদিকে, আট ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে চেলসি। আর রাহিম স্টারলিংয়ের হ্যাটট্রিকে এএফসি বোর্নমাউথকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।
৬২ মিনিটে মেসুত ওজিলের সহায়তায় গোল করেন অ্যালেক্সিস সানচেজ। বদলি খেলোয়াড় হিসেবে নেমে ওজিলের আরো একটি অ্যাসিস্টে স্কোরশিটে নাম লেখান অলিভিয়ের জিরু।
আর হেক্টর বেলেরিনের বানিয়ে দেয়া বল জালে পাঠিয়ে আর্সেনালের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন অ্যারোন রামসি। ৬টি কী পাস, ২টি অ্যাসিস্ট ও মাঠ জুড়ে দুর্দান্ত পারফরমেন্সে ম্যাচসেরা হন মেসুত ওজিল।
এদিকে, এভারটনের মাঠ-গুডিসন পার্কে মরগ্যান স্নাইদারলিন, অ্যান্ডার হেরেরা ও ওয়েইন রুনির গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে দিয়েগো কস্তার গোল ও অ্যালান হাটনের আত্মঘাতী শটে অ্যাস্টন ভিলাকে ২-০ তে হারিয়েছে চেলসি।
আর রাহিম স্টারলিংয়ের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে বোর্নমাউথকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানসিটি।