স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে জায়ান্ট বার্সেলোনা। একাই চার গোল করে বার্সাকে বড় জয় এনে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের দিনে, লেভান্তেকে ৩-০ গোলে হারায় আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে বার্সেলোনা। কিন্তু, প্রথমার্ধে পেনাল্টি থেকে ২ গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। বিরতির পর, আরো দুইবার স্কোরশীটে নাম লেখান এ ব্রাজিলিয়ান তারকা। ৭৭তম মিনিটে, নেইমারের সহায়তায় গোল করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ।
শেষ পর্যন্ত রায়ো ভায়েকানোর বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পায় লুইস এনরিকের শিষ্যরা।
এর আগে লেভান্তেকে ৩-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে রাউল গঞ্জালেসকে টপকে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৮ ম্যাচ শেষে রিয়াল ও বার্সার পয়েন্ট ১৮।
তবে গোল ব্যবধানে বার্সার চেয়ে এগিয়ে থাকায় শীর্ষে রিয়াল মাদ্রিদ।