এভারটনকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ২-১ গোলে হারায় গানাররা। এদিকে, আবারো হোঁচট খেয়েছে চেলসি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছেন হোসে মরিনিয়োর শিষ্যরা।
এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধের তিনটি গোলেই নিষ্পত্তি হয় ম্যাচের ভাগ্য। অলিভিয়ের জিরু ও লরেন্ট কোশিয়েলনির গোলে ২-০ গোলের লিড নেয় গানাররা। মেসুত ওজিলের ক্রস থেকে জিরু ও স্যান্টি ক্যাজোরলার অ্যাসিস্ট থেকে গোল করেন কোশিয়েলনি।
বিরতিতে যাবার আগেই রস বার্কলের গোলে ব্যবধান কমায় এভারটন। তবে হার এঁড়াতে পারেনি তারা। ২-১ গোলে জেতে আর্সেনাল। ম্যাচসেরা হন ফর্মের তুঙ্গে থাকা ওজিল। দিনের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে চেলসি। সমতায় যাবার সুযোগ পেয়েছিল হোসে মরিনিয়োর শিষ্যরা।
তবে গোললাইন টেকনোলজিতে অল্পের জন্য গোলবঞ্চিত হয় ব্লুরা। এর কিছুক্ষণের মধ্যেই মিডফিল্ডার নেমানিয়া মাতিচকে লাল কার্ড দেখান রেফারি। আর ডাগ আউট থেকে বের করে দেন ক্ষিপ্ত চেলসি বস হোসে মরিনিয়োকে।