চট্টগ্রাম আবাহনীর প্রত্যেক ফুটবলারকে ১ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় এ পুরষ্কার পাচ্ছেন তারা।
গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ঈস্ট বেঙ্গলের কাছে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। তবে ফাইনালে সেই কোলকাতার জায়ান্টদের হারিয়েই শিরোপা এ দেশে রেখে দিয়েছে চট্টগ্রামের ক্লাবটি।
দীর্ঘদিন পর চট্টগ্রামে ফিরেছে ফুটবলের উন্মাদনা। আর সে আনন্দের উপলক্ষে এনে দেয়া চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা প্রত্যেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাবেন ১ লাখ টাকা।
ক্লাব কর্তৃপক্ষ ফুটবলারদের বোনাস হিসেবে দিবে ১৫ লাখ টাকা। টুর্নামেন্ট শুরুর আগে শঙ্কা ছিল সফল আয়োজন নিয়ে। তবে ফাইনালসহ প্রতিটি ম্যাচে দর্শক সমাগম সে শঙ্কা দূর করেছে। ফলে সফল একটি টুর্নামেন্ট আয়োজন করায় চট্টগ্রাম আবাহনীও পাচ্ছে প্রশংসা।
গতকাল- শুক্রবার টুর্নামেন্টের ফাইনালে ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে সার্থক সমাপ্তি এনে দেয়ঢ চট্টগ্রাম আবাহনী। ঝড়ের মতো শুরু করেছিল কলকাতার ইস্ট বেঙ্গল। শুরুতেই এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু পরে সব সমীকরণ বদলে দেন হেমন্ত আর এলিটা কিংসলে। তাদের এই নান্দনিক ফুটবলে মুগ্ধ হয়েছিল গোটা এম এ আজিজ স্টেডিয়াম।
আনন্দে উদ্বেল ছিল গোটা চট্টগ্রাম, বন্দরনগরীর এই ক্লাব তো নেমেছিল গোটা দেশের মোড়কেই। জয়ের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়ী দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি আবদুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরীও পৃথক বিবৃতিতে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানান।
স্বপ্নের ফাইনাল ম্যাচের আগের দিন মিডিয়ার মুখোমুখি হয়ে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক এমিলি বলেন, 'শেষ ভালো যার, সব ভালো তার।' গতকাল ফাইনাল ম্যাচটি জিতে নিয়ে সে কথাটিরই যেন বাস্তব রূপ দিলেন এমিলিরা। অপরাজিত ইস্ট বেঙ্গলকে পরাজয়ের তিলক পরিয়ে প্রথমবারের মতো আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন ঘরের ছেলেরাই।
এমএ আজিজ স্টেডিয়ামের ৩৫ হাজার দর্শককে আনন্দে মাতিয়ে শিরোপা মুকুট পরল স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড। পুরো ম্যাচে দারুণভাবে সমর্থন দিয়ে গেছে গ্যালারিভরা দর্শকরা।
ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। ডানপ্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে এলিটা ক্রস করেন। পেনাল্টি বক্সের সামনে দাঁড়ানো মিঠুন গোলমুখে হেডও করেন; কিন্তু অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর পাল্টা আক্রমণে যায় কলকাতা কিংফিশার ইস্ট বেঙ্গল ক্লাব। ডি বক্সের ভেতরে ঢুকে অভিনব গোলমুখে উড়ন্ত শট নেন। ক্লিয়ার করতে গিয়ে আবাহনীর ডিফেন্ডার মিশু হেড করেন। তার হেড থেকে বল সাইডবারে লেগে জালে জড়িয়ে যায় ১-০। দুর্ভাগ্য স্বাগতিকদের। ডিফেন্ডারের মাথায় বলটি না লাগলে গোলরক্ষক রাসেল মাহমুদ দলকে বিপদমুক্ত করতে পারতেন; কিন্তু ভাগ্য সহায় না থাকায় গোলটি হজম করতে হয় আবাহনীকে।
ভাগ্যের সহায়তায় প্রথম গোলটি পেলেও দ্বিতীয় গোলের নিশ্চিত সুযোগ তৈরি করেও অল্পের জন্য বঞ্চিত হতে হয় কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব দলটির। ২৬ মিনিটে অবিনাশ কর্নার কিক করেন। পেনাল্টি বক্সের কোনায় দাঁড়ানো ইস্ট বেঙ্গলের কৌশলী মিডফিল্ডার রফিক ড্রাইভ দিয়ে গোলমুখে হেড করেন। গোললাইন থেকে তা ক্লিয়ার করেন আবাহনীর ডিফেন্ডার মিশু। চার মিনিট পর ডি বক্সের বাইরে থেকে ফ্রি-কিক করেন আবাহনীর পক্ষে এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা জাহিদ।
ইস্ট বেঙ্গলের গোলরক্ষক দিবেন্দ্র সরকার কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেন। ৩৫ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আবারও আক্রমণে যায় আবাহনী। ডানপ্রান্ত থেকে জাহিদ মাইনাস করেন। ডি বক্সে বল পেয়ে যান মিঠুন। গোলমুখে শট নিলেও ইস্ট বেঙ্গলের ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে। কর্নার কিকের পর পেনাল্টি বক্সের জটলায় গোলের সুযোগ হয়েছিল আবাহনীর। কিন্তু ভাগ্য যেন সহায় ছিল না তাদের।
এ কারণে বারবার গোলের সুযোগ সৃষ্টি হওয়ার পরও সফলতার মুখ দেখেনি স্বাগতিকরা। অবশ্য প্রথমার্ধের অতিরিক্ত সময়েই ম্যাচে সমতায় ফিরেছে চট্টগ্রাম আবাহনী। পরিকল্পিত আক্রমণ থেকে টুর্নামেন্টের সেরা গোল করে এলিটা দলকে ম্যাচে ফিরিয়ে আনার পাশাপাশি গ্যালারিভরা দর্শকদের আনন্দে মাতান ১-১। বামপ্রান্ত দিয়ে মিঠুন এগিয়ে গিয়ে ডি বক্সে ঢুকে পেনাল্টি বক্সের সামনে দাঁড়ানো এলিটার উদ্দেশে হাওয়ায় ভাসানো শট দেন। উড়ে আসা বলটি হেড করে ইস্ট বেঙ্গলের জালে পাঠিয়ে দেন এলিটা কিংসলে। অফিসিয়াল হিসেবে গোলটি ৪৫ মিনিটে হয়েছে উল্লেখ করা হয়।
বিরতির পর মাঠে আরও জ্বলে ওঠেন স্বাগতিক দলের খেলোয়াড়রা। ম্যাচের ৫৪ মিনিটেই এগিয়ে যান তারা। বামপ্রান্তে ডি বক্সের সামনে ফ্রি-কিক পায় আবাহনী। জাহিদ গোলমুখে ব্যানানা শট নেন। পেনাল্টি বক্সেও কোনায় দাঁড়ানো সুযোগসন্ধানী ফরোয়ার্ড এলিটা জোরালো শটে বল জালে জড়ান ২-১। ৫৭ মিনিটে ম্যাচে আবারও এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। এবার এলিটা নিজে গোল না করে সতীর্থকে দিয়ে গোল করানোর দিকে মনোযোগ দেন। বামপ্রান্ত দিয়ে ডি বক্সে ঢুকে পড়ে উড়ন্ত ক্রস দেন এলিটা। পেনাল্টি বক্সের সামনে থেকে চমৎকার হেডে টুর্নামেন্টে নিজের প্রথম গোলের দেখা পান হেমন্ত ৩-১।