একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ৭ উইকেটে হেরে গেছে জিম্বাবুয়ের কাছে। বিসিবি একাদশের দেয়া ২৭৮ রানের টার্গেট ২০ বল হাতে রেখেই টপকে যায় সফরকারিরা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইমরুল কায়েস ও আনামুল হকের ফিফটিতে ভালোই শুরু করে বিসিবি একাদশ।
ইমরুল ৫৬ ও আনামুল ৫২ রান করে আউট হন। এরপর একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন মুশফিকুর রহিম। তবে আরেক প্রান্তে চলে ব্যাটসম্যানদের আসা যাওয়া। শেষ পর্যন্ত মুশফিকের অপরাজিত ৮১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৭৭ রান তোলে বিসিবি একাদশ।
জবাব দিতে নেমে, ৫১ রানে দুই ওপেনারের উইকেট হারালেও ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামসের ব্যাটে ম্যাচে ফেরে জিম্বাবুইয়ান্সরা। আরভিনের ৯৫, উইলিয়ামসের ৫৪ ও এলটন চিগুম্বুরার ৬৪ রানে ভর করে ৪৬ ওভার ৪ বলে ৭ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা।