ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও জয়ের ধারা বজায় রেখেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩০ রানে হারিয়েছে স্বাগতিকরা।
পাল্লেকেল্লেতে ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ১৮৫ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাচিত্রা সেনানায়েকে।
পাল্লেকেল্লেতে টস জেতে ওয়েস্ট ইন্ডিজ। তবে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় তারা। শুরুতে ব্যাট করতে নেমে, ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে, ২১৫ রানের পাহাড়সম স্কোর গড়ে লঙ্কানরা।
দিলশানের ৫৬ ছাড়াও, ৪০ রান করে আসে পেরেরা ও চান্দিমালের ব্যাট থেকে। ২১৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই চার্লসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮৫ রানে অলআউট হয় তারা। এক বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
বুধবার কলম্বোতে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।