ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। বুধবার মিরপুরে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে টাইগাররা জিতেছে ৬১ রানে।
বাংলাদেশের দেয়া ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আর ঘরের মাটিতে জিম্বাবুয়েকে ব্যাক টু ব্যাক হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচে টস হেরেও শুরুতে ব্যাট করেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজে প্রথমবারের মতো টস জিতে, ব্যাটিংকেই বেছে নেন অধিনায়ক মাশরাফি। রান রেট বেশি না হলেও টাইগারদের ইনিংসের অর্ধেকটাই ব্যাট করেন তামিম ও ইমরুল।
ফিফটি আসে দুজনের ব্যাট থেকেই। দুই টাইগার ওপেনারই খেলে যান ২৯ ওভার ৩ বল পর্যন্ত। ৭৩ রান করে ইমরুল যখন বিদায় নেন, তখন দলীয় স্কোর ১ উইকেটে ১৪৭ রান। ব্যাট করতে নামেন মুশফিক।
দলীয় ১৭৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ইমরুলের মতোই ৭৩ রান করে স্টাম্পিংয়ের শিকার হন তামিম। ইমরুল-তামিম দুই ওপেনারকেই ক্রিমারের বলে স্ট্যাম্পড করেন চাকাবভা।
২৫ বলে ২৮ করে আউট হন মুশফিক। বেশি রান করতে পারেননি দলের অন্যতম ভরসা সাব্বির ও নাসির, লিটন। দশ বলের মধ্যে চার রান তুলতেই লিটন, সাব্বির ও নাসিরের উইকেট হারায় বাংলাদেশ। ৪৪ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২২৬ রান।
বিপর্যয় একটু সামাল দিতে না দিতেই রান আউট হতে যাচ্ছিলেন মাহমুদুল্লাহ। তবে উইকেটে বল লাগার আগেই চাকাবভা, বল ফেলে দেয়ায় সে যাত্রায় বেঁচে যান তিনি।
আর ফিফটি করে দলকে এগিয়ে নেন মাহমুদুল্লাহ। ১১ বলে ১৬ রান করেন অধিনায়ক মাশরাফি। ৫২ রান করে রান-আউটই হন মাহমুদুল্লাহ। ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান করে টিম বাংলাদেশ।