মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশকে ১৩২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। শুক্রবার বিকেলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি।
টাইগার বোলারদের বোলিং তোপে পড়ে নির্ধারিত ২০ ওভারের ৩ বল বাকি থাকতেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। অলআউট হওয়ার আগে জিম্বাবুয়ে ১৯.৩ ওভারে করে ১৩১ রান।
প্রথম ওভারেই জিম্বাবুয়ের প্রথম উইকেটের পতন। টস জিতে ফিল্ডিং নেয়া বাংলাদেশের প্রথম ব্রেক থ্রু আসে অধিনায়ক মাশরাফির বলে। জিম্বাবুইয়ান ওপেনার সিকান্দার রাজা ফিরে যান ৪ রান করে।
পরের ওভারেই উইকেট পান আল-আমিন। ব্যাটে বল লেগেছে কি-না তা নিয়ে সংশয় থাকলেও, কোনো রান না করেই বিদায় নিতে হয় চাকাভাকে।
তৃতীয় ওভারে আবারো মাশরাফি-ম্যাজিক। রান করার আগেই জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরাকে বোল্ড করেন নড়াইল এক্সপ্রেস।
এরপর উইলিয়াম-আরভাইনের জুটিতে বিপর্যয় সামাল দেবার চেষ্টা করে সফরকারিরা। কিন্তু উইলিয়ামসকে আউট করে সে জুটিও দাঁড়াতে দেনননি নাসির। ৪ উইকেটে হারিয়ে, ৮ ওভার ৪ বলে জিম্বাবুয়ের সংগ্রহ তখন ৩৮ রান।
দশম ওভারে শুরু হয় ওয়ালার ঝড়। জুবায়ের অভিষেক টি-টোয়েন্টির প্রথম ওভারেই ১৭ রান তুলে নেন ওয়ালার। বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে, ২০ বলে ফিফটি তুলে নেন তিনি। এটি টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের দ্রুততম অর্ধশতক।
ওয়ালারের ৩১ বলে ৬৮ রানের ইনিংসের ইতি টানেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত ১৯ ওভার ৩ বলে, ১৩১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দুটি করে উইকেট নেন আল-আমিন, জুবায়ের, মুস্তাফিজ ও অধিনায়ক মাশরাফি।