বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে আগের সূচী অনুযায়ী নির্ধারিত সময়ে আজ (শনিবার) রাতে ঢাকায় আসছে না অস্ট্রেলিয়া ফুটবল দল। নিরাপত্তার কারণে তারা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশে তাদের অবস্থান সময়। মঙ্গলবার বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
দুই দিন পিছিয়ে নিজস্ব চার্টার্ড বিমানে ম্যাচের আগের দিন ঢাকায় পৌঁছে মঙ্গলবার ম্যাচ খেলেই চলে যাবে সকারুরা। নিরাপত্তার কারণে তারা ঢাকায় না এসে রোববার সিঙ্গাপুরে প্র্যাকটিস করবে। সেখান থেকে ম্যাচের আগেরদিন সোমবার রাতে ঢাকায় আসবে এবং মঙ্গলবার ম্যাচ খেলেই চলে যাবে। ম্যাচ আয়োজনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার।
সোম ও মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন সব ধরনের দোকান বন্ধ রাখা হবে। এছাড়া স্টেডিয়ামের ১০০ গজের মধ্যে সবধরণের যান চলাচলও বন্ধ থাকবে। নিরাপত্তার অজুহাতে ঢাকায় খেলতে আপত্তি জানিয়ে নিরপেক্ষ কোন ভেন্যুতে ম্যাচটি খেলার আবেদন জানিয়েছিল অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন।
তবে ফিফা তাতে রাজী না হওয়ায় জরিমানা এড়াতে ও ৩ পয়েন্টের জন্য বাধ্য হয়ে ঢাকায় খেলতে আসছে সকারুরা।
এর আগে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল।