প্যারিস সন্ত্রাসী হামলার পর বেলজিয়াম ও স্পেনের প্রীতি ফুটবল ম্যাচটি বাতিল করা হয়েছে।
বেলজিয়ামের রাজধানী- ব্রাসেলসে বুধবার রাত পৌনে ২টায় ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনার পর নিরাপত্তা বিবেচনায় প্রীতি ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয় বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
সোমবার থেকে বেলজিয়ামে সন্ত্রাসী হামলার ঝুঁকির লেভেল বাড়িয়ে তিন নম্বর করা হয়েছে।
দেশে গুরুতর হামলার আশংকা করছে বেলজিয়াম সরকার। প্যারিস হামলায় ব্রাসেলসে জন্ম নেয়া সালাহ আবদেস-সালেমকে মূল সন্দেহভাজন বলে ঘোষণা দিয়েছে পুলিশ।
জড়িতদের সনাক্ত করতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গত শুক্রবার প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হন। ওই সময় ফ্রান্স-জার্মানির প্রীতি ম্যাচেও হামলার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা।