স্প্যানিশ লিগের দুই বনেদি ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে আজ (শনিবার) রাত বাংলাদেশ সময় সোয়া ১১টায়। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে লা লিগায় টেবিলের শীর্ষস্থানটা বার্সেলোনার দখলে। খেলাটি হবে মাদ্রিদদুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে। এদিকে, ইউরোপজুড়ে নাশকতার আশঙ্কা থাকায় ভেন্যু ও এর আশপাশের এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
প্রায় দুই মাস পর বৃহস্পতিবার থেকে পুরোদমে ট্রেনিঙ করছেন ইনজুরি ফেরত লিওনেল মেসি। তবে ক্ষুদে জাদুকরকে পুরো ৯০ মিনিট খেলানো নিয়ে সতর্ক কাতালান ক্যাম্প।
এদিকে, এল ক্লাসিকোতে মেসির অভিষেক হয়েছে দশ বছর হলো। এক দশকের এল ক্লাসিকোর অভিজ্ঞতা থাকা মেসি চাইতেই পারেন রোমাঞ্চকর দ্বৈরথে পুরো সময়টাই মাঠে থাকতে।
তবে মেসিকে ছাড়াই নেইমার-সুয়ারেজে অপ্রতিরোধ্য বার্সা। ১১ ও ৯ গোলে এবারের লা লিগার শীর্ষ গোলদাতা নেইমার ও সুয়ারেজ। দুর্ধর্ষ অ্যাটাকিং থার্ড ছাড়াও বার্সা বস লুইস এনরিকের বাকি স্কোয়াডও পুরোপুরি ফিট।
তৈরী হয়ে গেছে রিয়াল মাদ্রিদ'ও। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট কম গ্যালাক্টিকোসদের। এল ক্লাসিকো জিতলেই চির প্রতিদ্বন্দ্বীদের ধরে ফেলবে রাফায়েল বেনিতেজের দল। এদিকে, এ ম্যাচ দিয়ে এল ক্লাসিকোয় ডাগ আউটে অভিষেক হচ্ছে এ কোচের।
রিয়াল স্কোয়াডও পুরোপুরি ফিট। তবে পুরো ৯০ মিনিট খেলা নিয়ে শঙ্কা রয়েছে ইনজুরি ফেরত হামেস রড্রিগেজ, গ্যারেথ বেইল ও করিম বেনজেমার।
এটি হবে ২৩০তম এল ক্লাসিকো। জয়ের পরিসংখ্যানে বার্সেলোনার থেকে তিন ম্যাচ এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। খেলাটিও হবে তাদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে। তবে দুর্দান্ত ফর্মের বার্সেলোনার সামনে সুযোগ রয়েছে পরিসংখ্যান নিজেদের পক্ষে আনার।