বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের চতুর্থ দিনের ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৬৯ রানে হেরেছে ঢাকা ডাইনামাইটস।
রংপুরের দেয়া ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। ব্যাট হাতে ২৪ রানের পাশাপাশি ঢাকা ডাইনাইমাইটসের ৪ উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন সাকিব আল হাসান।
বুধবার রাজধানীর মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ডাইনামাইটস অধিনায়ক কুমার সাঙ্গাকারার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের সাকিবের ব্যাট নেয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রমাণ করেন ল্যান্ডন সিমন্স ও সৌম্য সরকার।
সিমন্স-সৌম্য জুটি অর্ধশতক পার করার আগেই ঢাকাকে ব্রেক থ্রু এনে দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
এরপর মোহাম্মদ মিথুনকে নিয়ে রংপুরের স্কোরকে এগিয়ে নিয়ে যান সিমন্স। তবে অর্ধশূত পূরণের পর মোশারফ হোসেনের শিকার হন রাইডার্স ওপেনার সিমন্স।
এরপর মিথুন পেরেরা জুটি রংপুরের স্কোরকে এগিয়ে নিয়ে গেলেও হতাশ করেন ড্যারেন স্যামি।
শেষ দিকে সাকিবের ১৫ বলের ২৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ১৭৬ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।
জবাবে ব্যাট করতে নেমে প্রত্যাশিত সূচনা করতে পারেনি ঢাকা ডাইনামাইটস। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ঘূর্ণিতে দলীয় ১৫ রানের মধ্যেই দুই ওপেনার শামসুর রহমান ও নাসির জামসেদ উইকেট হারায় ডাইনামাইটস।
ঢাকা অধিনায়ক ক্রিজের একপ্রান্ত আগলে খেলে গেলেও সাকিব ও আরাফাত সানি জুটির কাছে পরাস্ত হয়ে সাজঘরে ফিরতে থাকে ঢাকার ব্যাটসম্যানরা।
৩টি চারের সাহায্যে ২৮ বলে ২৯ রান করে সানির বলে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে আউট হন সাঙ্গাকরার।
রংপুরের বিধ্বংসী বোলিংয়ের সামনে স্কোরকে আর বেশিদূর এগিয়ে নিতে পারেনি ঢাকা ব্যাটসম্যানরা। ১০৭ রানেই গুটিয়ে যায় ঢাকা ডাইনামাইটস। সাকিব ৪টি ও পেরেরা ৩টি ও আরাফাত সানি নেন দুইটি করে উইকেট।