উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বৃহস্পতিবার রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেই। জোড়া গোল করেছেন রিয়ালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও পিএসজির দি মারিয়া। জিতেছে অ্যাতলেটিকো মাদ্রিদও। তবে জিততে পারেনি ম্যানচেস্টারের দুই ইংলিশ ক্লাব।
ম্যাচ শেষ হবার মিনিট বিশেক আগেই চার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর ২টি গোলই বানিয়ে দেন গ্যারেথ বেইল। বড় ব্যবধানে পিছিয়ে পড়েও ৩টি গোল শোধ করে শাখতার দনেস্ক। তবে সমতায় ফিরতে পারেনি তারা। ৪-৩ গোলে জেতে রিয়াল মাদ্রিদ।
গ্রুপ ‘এ’-র আরেক ম্যাচে সুইডিশ ক্লাব মালমো এফএফকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।
এদিকে, অ্যান্তোইন গ্রিজমানের জোড়া গোলে গ্যালাতেসারায়কে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর মারিও মানজুকিচের একামাত্র গোলে ইয়ুভেন্টাসের কাছে হেরেছে ম্যানসিটি।
দিনের আরেক ম্যাচে পিএসভি আইন্দহোভেনের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে ম্যানইউ।