মিরপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩য় আসরের প্রথম রাউন্ডের খেলা শেষ হচ্ছে আজ (শুক্রবার)।
দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুরের দেয়া ৮৩ রানের টার্গেট ৪৯ বল হাতে রেখেই টপকে যায় কুমিল্লা। এটি ৪র্থ ম্যাচে কুমিল্লার তৃতীয় জয়।
সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ম্যাচের সময় আম্পায়ারের সঙ্গে অসদাচরনের কারণে সাকিব আল হাসানকে এক ম্যাচ নিষিদ্ধ করেন ম্যাচ রেফারি। তাই সাকিবকে ছাড়াই মিসবাহ উল হকের নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নামে রংপুর রাইডার্স। টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে রংপুর।
নুয়ান কুলাসেকারা ও আবু জায়েদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
মোহাম্মদ মিথুনের ২৮ ও সাকলাইন সজীবের ১১ ছাড়া দুই অঙ্কের কোটা পার করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮২ রান করে রংপুর। যা বিপিএলের তৃতীয় আসরে দলীয় সর্বনিম্ন রানের স্কোর। কুমিল্লার নুয়ান কুলাসেকারা নেন ৪টি উইকেট।
জবাব দিতে নেমে দারুণ সূচনা করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলীয় ২৯ রানে ওপেনার মাহমুদুল হাসান ফিরে গেলেও ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে বোলারদের শাসন করেন মারলন স্যামুয়েলস। ২৪ বলে ৮টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৪২ রান করেন তিনি।
আরেক প্রান্তে ইমরুল কায়েস অপরাজিত থাকেন ২৪ রানে। ১১ ওভার ৫ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এটি ৪র্থ ম্যাচে কুমিল্লার তৃতীয় জয়।