বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসকে ৯ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। চিটাগংয়ের দেয়া ১১২ রানের টার্গেট ১৮ বল হাতে রেখেই টপকে যায় রংপুর। এ ম্যাচ জিতে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেলো রংপুর রাইডার্স। আর সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে চিটাগং ভাইকিংস।
দিনের প্রথম খেলায় টানা ৩ম্যাচ হারা চিটাগং ভাইকিংস খেলতে নামে রংপুর রাইডার্সের বিপক্ষে। ভালোই শুরু করেন ওপেনার তামিম ইকবাল ও তিলকারত্নে দিলশান।
তবে ১৮ রান করে দিলশানের বিদায়ের পর রংপুরের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চিটাগং।
একপ্রান্তে ব্যাট চালান তামিম ইকবাল। তবে ৩৬ রান করে তিনিও ফির গেলে, আর ক্রীজে সেট হতে পারেননি অন্যরা।
মিডল অর্ডার ও টেল এন্ডারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১১১ রান করে চিটাগং ভাইকিংস। দুটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও আরাফাত সানি।
জবাব দিতে নেমে, ফর্মহীনতায় ভুগতে থাকা রংপুরের দুই ওপেনার সৌম্য সরকার ও জহুরুল ইসলামই দলকে এগিয়ে নেন।
৩ রানের জন্য ফিফটি মিস করেন জহুরুল। ৪৪ বলে ৪৭ রান করে সফিউলের বলে আউট হন তিনি।
তবে অর্ধশতক পুরণ করেন সৌম্য। ৫৬ বলে ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কায় ৫৮ রান করেন তিনি।
১৭ ওভারেই ৯ উইকেটের বড় জয় তুলে নেয় রংপুর রাইডার্স।