ফারজানা হক ও রুমানা আহমেদের নৈপুণ্যে জিম্বাবুয়েকে হারিয়ে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে পৌঁছতে জিম্বাবুয়েকে ৩১ রান হারায় জাহানারা আলমের দল। ফাইনালের দুই দল খেলবে বিশ্বকাপে।
ব্যাংককের টের্দথাই ক্রিকেট মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৮৯ রান করে বাংলাদেশ।
সর্বোচ্চ ৪৩ রান করেন ফারজানা হক। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে শারমিন আক্তারের ব্যাট থেকে। এছাড়া বাংলাদেশের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি।
জবাবে পাঁচ বল বাকি থাকতে ৫৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
পেলাজিয়া মুজাজি (১০) ছাড়া জিম্বাবুয়ের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। অতিরিক্ত থেকেও ১০ রান পায় দলটি।
৮ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার লেগ স্পিনার রুমানা। এছাড়া ফহিমা খাতুন ও শায়লা শারমীন দুটি করে উইকেট নেন।