তৃতীয় দিনেই হোবার্ট টেস্ট জিতে গেছে অস্ট্রেলিয়া। অজি বোলাররা ফলোঅনে পড়া ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে অল আউট করেছে ১৪৮ রানে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেয়া অ্যাডাম ভোজেস হয়েছেন প্লেয়ার অব দা ম্যাচ।
হোবার্ট টেস্টের তৃতীয় দিন দেখেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ক্রিজে আসা যাওয়া। প্রথম ইনিংসের ৬ উইকেটে ২০৭ রান নিয়ে দিন শুরু করেছিল ক্যারিবিয়ানরা। মাত্র ১৬ রান যোগ করে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় ২২৩ রানে। ড্যারেন ব্রাভো সেঞ্চুরি তুলে নিলেও এড়াতে পারেননি ফলো অন।
ফলোঅনে পড়া দলটির ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে আবারও অস্বস্তিতে ভোগেন অজি বোলারদের সামনে। ওপেনার ব্র্যাথওয়েইট করেন ৯৪ রান। তবে ক্যারিবিয়ানদের বাকি ব্যাটসম্যানরা রান পাননি।
শেষ পর্যন্ত ১৪৮ রানে গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৭টি উইকেট নিয়েছেন অজি পেসার জশ হেজেলউড।