তিন সপ্তাহের ক্রিকেট লড়াই শেষে পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের তৃতীয় আসরের। ৬টি দল থেকে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস।
শিরোপা জয়ের মিশনে একে অপরকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ও মাহমুদুল্লাহ'র বরিশাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
আর মাত্র একটি ম্যাচ। এর ফলাফলেই নির্ধারণ হবে কার মাথায় উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের তৃতীয় আসরের শ্রেষ্ঠত্বের মুকুট। ফাইনালে মুখোমুখি দুই শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস।
ফাইনালে ফেভারিট মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গ্রুপ পর্বে দুবারের সাক্ষাতে প্রথম ম্যাচে ৮ উইকেটে আর দ্বিতীয়টিতে ৭ উইকেটে বরিশালকে হারিয়েছে কুমিল্লা। টুর্নামেন্টে ১১ ম্যাচ খেলে ৮টিতেই জয় তুলে নিয়েছে মাশরাফি বাহিনী। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে কুমিল্লা।
ব্যাটিংয়ে দারুণ ফর্মে আছেন ইমরুল কায়েস ও আহমেদ শেহজাদ। আর অলরাউন্ড নৈপুন্যে এরই মধ্যে সবার নজড় কেড়েছেন আশার জাইদি। অন্যদিকে, ২১টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের খাতায় নাম লিখিয়েছেন আবু হায়দার।
শিরোপা জয়ের রেসে শক্ত প্রতিদ্বন্দী বরিশাল বুলস। এ পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৯টিতেই জিতেছে তারা। এলিমিনেটরে ঢাকা ডাইনামাইটসকে ১৮ রানে এবং কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে বরিশালও বুঝিয়ে দিয়েছে যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে তারা।
ব্যাট হাতে মাহমুদুল্লাহ, সাব্বির রহমান ও এভিন লুইস আর বল হাতে দারুণ ছন্দে আছেন কেভন কুপার, আল আমিন ও মোহাম্মদ সামিরা। ফাইনালে এই ক্রিকেটাররা জ্বলে উঠলে দুশ্চিন্তার কারণ হতে পারেন কুমিল্লার।
কে হাসবেন শেষ হাসি, মাশরাফি না মাহমুদুল্লাহ? সেটা দেখার জন্য চোখ রাখতে হবে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে।