শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে চার বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন শ্রীলংকার উইকেটকিপার-ব্যাটসম্যান কুশল পেরেরা। গত অক্টোবরে করা পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া যায়। এর পর নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টের আগেই তাকে প্রত্যাহার করে নেয় শ্রীলংকা।
তবে আইসিসি ও শ্রীলংকার কেউই সে নিষিদ্ধ উপাদানের নাম জানায়নি। লংকান ক্রিকেট বোর্ড তার এ নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী জয়সিরি জয়সেকেরা।
বিচারাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করতে চাননি আইসিসির কোনো কর্মকর্তা। পেরেরা কেমন শাস্তি পেতে যাচ্ছেন সে বিষয়েও কিছু জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তবে এ ধরনের ঘটনার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি চার বছরের নিষেধাজ্ঞা।
গত অক্টোবরে কাতারে নেয়া মূত্র নমুনায় নিষিদ্ধ উপাদান থাকায় এ মাসের শুরুতেই নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফিরিয়ে আনা হয় পেরেরাকে। আইসিসির নিয়ম অনুযায়ী অক্টোবরে প্রথম নমুনা নেয়ার সময়ই আরেকটি নমুনা নিয়ে রেখেছিল অ্যান্টি ডোপিং কাউন্সিল। প্রথম নমুনার ফলাফল প্রকাশের ১৪ দিন পর দ্বিতীয় নমুনাতেও একই উপাদান পাওয়া যায়। যার অর্থ, বেশ বড় মেয়াদেই নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন পেরেরা।
দ্বিতীয় নমুনাতেও নিষিদ্ধ উপাদান নিশ্চিত হওয়ার পর শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী জয়সিরি জয়সেকেরা বলেন, আমরা এ নিষেধাজ্ঞার বিপক্ষে লড়ব কারণ গত চারবার পরীক্ষা করেও তার শরীরে এমন কিছুই পাইনি। তাকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব চেষ্টাই আমরা করব।
এর আগে ক্রীড়ামন্ত্রী পেরেরার ঘটনাকে শ্রীলংকার বিপক্ষে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। এর আগে ২০১১ সালে বিশ্বকাপের সময় শরীরে নিষিদ্ধ উপাদান থাকায় তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাবেক ওপেনার থারাঙ্গা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: