গত বছর ২০১৫ তে পজেটিভ এবং অ্যাটাকিং ক্রিকেট খেলে ওয়ানডেতে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। নতুন বছরে এবার টি-টোয়েন্টিতেও একই মেজাজের ক্রিকেট খেলবে বাংলাদেশ। রোববার নতুন বছরের প্রথম অনুশীলনে শেষে টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ এ কথা বলেন।
মাহমুদুল্লাহ বলেন, ওয়ানডের পর টি-টোয়েন্টির চ্যালেঞ্জটাও, টাইগাররা উতরে যেতে চায় পজেটিভ ও আক্রমণাত্মক ক্রিকেট খেলে।
এদিকে, এ বছর অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। আর সে লক্ষ্যেই দল সাজানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
দলের নির্বাচক প্যানেলের পরিকল্পনাতেও রয়েছে টি-টোয়েন্টি ম্যাচ—উল্লেখ করে নান্নু বলেন, স্বল্প পরিসরের এ ফরম্যাটে বাংলাদেশ অত ভাল নয়, এ কথা শুনতে হয় হরহামেশাই। তাইতো নবীন-প্রবীনদের স্বমন্বয়ে একটি ভাল টি টোয়েন্টি স্কোয়াড তৈরি করতে চান তারা।
সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ টি-টোয়েন্টি। সেইসঙ্গে খুব শীঘ্রি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দেয়া হয়েছে।
হেড কোচ চন্ডিকা হাথুরাসিংহেকে ছাড়াই প্রথম দিনের অনুশীলন করেছে ম্যাশ-মুশফিকরা। তবে সতীর্থদের সঙ্গে ছিলেন না তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান।