অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেও, টুর্নামেন্টে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট-এন জেড সি। বুধবার গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
আর বিশ্বকাপের সময় বাংলাদেশেই থাকছেন বলে জানিয়েছেন জুনিয়র টাইগারদের অস্ট্রেলিয়ান টেকনিক্যাল উপদেষ্টা স্টুয়ার্ট ল।
এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট প্রত্যাহারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান।
মঙ্গলবার টুর্নামেন্টে অংশ নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। দুবাইয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি সেরে বাংলাদেশ আসবে কিউই যুবারা।
বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিকদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হলেও, বিশ্বকাপের সময় বাংলাদেশেই থাকছেন টাইগারদের অনূর্ধ্ব ১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টা স্টুয়ার্ট ল।
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ দেয়া উচিত বলে মন্তব্য করেছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।
ফেব্রুয়ারিতে আইসিসির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।