বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে আগামীকাল (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ দল। খুলনার শেষ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে লড়বে জিম্বাবুয়ে দল। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার ভালো সুযোগ দুই দলের সামনে।
বছরের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করার কথা বললেন, টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর সফরকারী দলের অধিনায়ক চান, এ সিরিজে জয়ের ধারায় ফিরে আসতে।
সামনে এশিয়া কাপ, এরপরেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। তাই টেস্ট আর ওয়ানডে বাদ দিয়ে, জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করেছে বিবিসি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফর্মেন্স, যেকোন দলের জন্যই চিন্তার বিষয়, কিন্তু টি-টোয়েন্টির ক্ষেত্রে তা একটু ভিন্ন।
এ পর্যন্ত সংক্ষিপ্ত ঘরানার ৪৬টি ম্যাচ খেলে মাত্র ১৩টিতে জয়ের মুখ দেখেছে টাইগাররা। বিপরীতে হেরেছে ৩২টিতে। আর এক ম্যাচে কোনো ফলাফল আসেনি।
স্বাগতিকরা জানে কোথায় তাদের দুর্বলতা। তবে এরপরও জয়ের আশাই করছেন টাইগার দলপতি।
অন্যদিকে সময়টা খুব বাজে যাচ্ছে জিম্বাবুয়ে দলের। আইসিসি'র সহযোগী দেশ আফগানিস্তানের কাছে ওয়ানডে ও টি-২০ সিরিজ হারায় মানসিকভাবে দূর্বল তারা। আর ঘরের মাঠে মাশরাফি-সাকিবরা যে কতোটা ভয়ংকর তা ভালোই জানা আছে হোয়াটমোরের শিষ্যদের।
তবে শ্রীলঙ্কান সাবেক ব্যাটসম্যান মারাভান আতাপাত্তু জিম্বাবুয়ে দলের ব্যাটিং পরামর্শক হওয়ায়, ভালো কিছু করার কথা বললেন সফরকারী দলের অধিনায়ক।
বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।