খুলনায় সিরিজের ২য় টি-টোয়েন্টিতে আগামীকাল (রোববার) জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে খেলা।
প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। রোববার লিড বাড়িয়ে নিতে চান বাংলাদেশের ক্রিকেটাররা। অন্যদিকে, প্রথম ম্যাচে হারের স্মৃতি ভুলে সিরিজে সমতা ফেরাতে চায় সফরকারীরা।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ।
ব্যাট হাতে পারফর্ম করে টাইগারদের কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন তামিম ইকবাল, সাব্বির রহমান, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানরা। নিজের অভিষেক ম্যাচে শেষদিকে সাকিবকে যোগ্য সঙ্গ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান।
তবে নিজেকে ঠিকমতো মেলে ধরতে পারেননি আরেক অভিষিক্ত অলরাউন্ডার শুভাগত হোম। দ্বিতীয় ম্যাচে নিজেকে প্রমানের চ্যালেঞ্জ মাহমুদুল্লাহ'র সামনেও।
বাংলাদেশের অলরাউন্ডার সাব্বির রহমান বলেন, প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জিততে চায় বাংলাদেশ।
এদিকে, চাপের মুখে রয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি হারলে আর সিরিজ জেতার সুযোগ থাকবে না তাদের সামনে। তাই সিরিজে টিকে থাকতে, এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সফরকারীদের। ১৬৩ রান স্কোরবোর্ডে তুলেও বাংলাদেশকে আটকে রাখতে পারেনি জিম্বাবুয়ের বোলাররা।
তাই দ্বিতীয় ম্যাচে, বোলিং লাইন আপে পরিবর্তন আনলেও আনতে পারে তারা।
ঘরের মাটিতে বাংলাদেশ অনেক শক্তিশালী একটি দল। প্রথম ম্যাচ জিতে ওরা অনেক আত্মবিশ্বাসী। তবে, আমাদেরকেও ঘুরে দাঁড়াতে হবে।