স্প্যানিশ লা লিগায় নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লুইস সোয়ারেজের হ্যাটট্রিকে অ্যাটলেটিকো বিলবাওকে ০-৬ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা।
আর ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার জোড়া গোলে স্পোর্টিং গিজনকে ১-৫ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরুতেই পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন গেলো সপ্তাহে ব্যালন ডি অর জেতা লিওনেল মেসি। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নেইমার।
বিরতির পর লুইস সোয়ারেজের গোলে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। ৫১ মিনিট জাভিয়ার মাশ্চেরানোর পর ৬২ ও ৬৯ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি, ৬-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদও জেতে নিজ মাঠে। গোলের শুরুটা করেন গ্যারেথ বেল। ৯ থেকে ৪১ মিনিটের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার জোড়া গোলে ব্যবধান ৫-০ করে রিয়াল। ৬২ মিনিটে ইসমা লোপেজের গোলে ব্যবধান কমালেও, হার নিয়ে মাঠে ছাড়তে হয় র্স্পোটিং গিজনকে।