ইনজুরির কারণে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। এদিকে, বিশ্রাম দেয়া হয়েছে আল আমিন হোসেন ও শুভাগত হোমকে। দলে ঢুকেছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলী।
মূল একাদশে সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে চান মোসাদ্দেক আর তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে টিকে থাকতে চায় জিম্বাবুয়ে।
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ আর এক ম্যাচ জিতলেই ট্রফি নিশ্চিত হবে টাইগারদের। এমন সমীকরণে ফুরফুরে মেজাজেই বাংলাদেশ শিবির।
তৃতীয় টি-টোয়েন্টির আগে দলে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। রোববার ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে সিরিজ শেষ হয়ে গেছে মুশফিকুর রহিমের। তার সেরে উঠতে ২ থেকে ৩ সপ্তাহ লাগতে পারে।
বিশ্রাম দেয়া হয়েছে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেনকে। গেলো ম্যাচে, কাটার দিতে গিয়ে হাতে ব্যাথা পান মুস্তাফিজ।
এদিকে, নিজেকে মেলে ধরতে ব্যর্থ হওয়ায় দল থেকে বাদ পড়েছেন শুভাগত হোম। দলে ঢুকেছেন পেসার তাসকিন আহমেদ।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন মোহাম্মদ শহীদ ও মুক্তার আলী এবং ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। এদের মধ্যে মোহাম্মদ শহীদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। মূল একাদশে সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে চান মোসাদ্দেক হোসেন।
এদিকে, সিরিজে টিকে থাকতে তৃতীয় টি-টোয়েন্টিতে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই জিম্বাবুয়ের সামনে। আগের দুই ম্যাচের ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।
জিম্বাবুয়ে কোচ ডেভ হোয়াটমোর বলেন, ‘আমাদেরকে অবশ্যই পরের ম্যাচ জিততে হবে। ছেলেরা তাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায়।’