ফুটবলারদের দেশাত্ববোধের অভাব থাকায় দেশের ফুটবলে ভালো ফলাফল আসছে না—এমন মন্তব্য সাবেক ফুটবলাররা।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে বাহরাইন অনুর্ধ্ব-২৩ দলের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে, গোল করার এতো সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারা, আবারো প্রমাণ করে দেশে মেধাবী ফুটবলারের অভাব রয়েছে।
সাবেক ফুটবলারদের পরামর্শ, টানা সাত বছর বাফুফে'র দায়িত্বে থেকেও, ফুটবলকে চাঙ্গা করতে না পারায়, ফেডারেশনের কর্তাব্যক্তিদের সরে দাঁড়ানো উচিৎ।
হতাশ করা আরো একটি টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শ্রীলঙ্কাকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের শুরুটা জয় দিয়ে হলেও, ‘এ’ গ্রুপের শেষ দুই ম্যাচে মালয়েশিয়ার ফেল্ডা ইউনাইটেড ও নেপাল অনুর্ধ্ব-২৩ দলের সঙ্গে ড্র করে, শেষ চারে ওঠা স্বাগতিকদের বিদায় নিতে হয় বাহরাইন অনুর্ধ্ব-২৩ দলের কাছে হেরে।
গেলোবার ফাইনাল খেললেও এবার ছিটকে পড়তে হলো সেমিফাইনাল থেকেই। জাতীয় দল হয়েও ছোট দলের কাছে এমন পরাজয়কে, ফুটবলারদের দায়িত্বহীনতার পরিচয় বলে মন্তব্য করেন সাবেক ফুটবলার টিপু।
টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে'র সভাপতি পদে আছেন সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন।
কার্যনির্বাহী কমিটিতেও রয়েছেন বেশ ক'জন সাবেক ফুটবলার। এতো সময় পেয়েও দেশের ফুটবলের মান উন্নয়ন করতে না পারায়, ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদগুলো থেকে তাদের সরে দাঁড়ানোর পরামর্শ দিলেন আরেক সাবেক ফুটবলার।