স্প্যানিশ কাপ-কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে ফেভারিট বার্সেলোনা। সেমির টিকেট কেটেছে সেল্টা দে ভিগোও। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিক বিলবাওকে ৩-১ এ বার্সা, আর অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে সেল্টা ভিগো।
প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে থাকা বার্সেলোনার বিপক্ষে শুরুতেই লিড নেয় অ্যাতলেটিক বিলবাও। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে, আদুরিজের অসাধারণ পাস থেকে গোল করে, বিলবাওকে লিড এনে দেন ইনাকি উইলিয়ামস।
বিরতির পর লুইস সুয়ারেজের শটে সমতায় ফেরে লুই এনরিকের শিষ্যরা। এরপর জেরার্ড পিকে ও নেইমারের গোলে ম্যাচে ৩-১ এ এগিয়ে যায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-২ অ্যাগ্রিগেটে জেতে বার্সা।
এদিকে, কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে ২০১৩ সালের চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথম লেগ গোলশূণ্য ড্র হওয়ায়, সেল্টা ভিগোর বিপক্ষে জিততেই হতো অ্যাতলেটিদের।
তবে অ্যাতলেটিকোর স্বপ্ন ভেঙে, ৩-২ গোলের জয়ে শেষ চারে পাড়ি জমায় সেল্টা ভিগো।