‘তিন মোড়ল’ নীতির অবসান হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে-আইসিসি। বৃহস্পতিবার আইসিসি ক্রিকইনফো থেকে এ তত্র নিশ্চিত জানা যায়।
গত নভেম্বরে দায়িত্ব নিয়েই এমন আভাস দিয়ে রেখেছিলেন নবনির্বাচিত আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। তবে সেটি তখনো তার ব্যক্তিগত মতামত ছিল। এবার আইসিসির সভায়ও হলো এই সিদ্ধান্ত।
গতকাল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০১৪ সালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতকে মূল ক্ষমতাধর করে আইসিসির সংবিধানে যে সংশোধনী আনা হয়েছে, সেটিকে পুনর্বিবেচনা করবে আইসিসি। নির্বাহী এবং অর্থ-বাণিজ্য সংক্রান্ত আইসিসির সবচেয়ে ক্ষমতাধর এই দুই কমিটি থেকেও তিন প্রধানের স্থায়ী সদস্যপদ প্রত্যাহার করা হবে।
আগের গঠনতন্ত্রে আইসিসির হৃৎপিণ্ড বলে বিবেচিত এই দুই কমিটিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড স্থায়ী সদস্যপদ পেয়েছিল। এদের অপসারণের সুযোগ ছিল না। ফলে যা সিদ্ধান্ত নেয়ার এ তিন সদস্যই নিতে পারত। এটিই ক্রিকেট দুনিয়ায় ‘তিন মোড়ল’ হিসেবে পরিচিতি পেয়েছে।
গত নভেম্বরে এক সাক্ষাৎকারে মনোহর জানিয়েছিলেন, আইসিসিতে তিন প্রধানের ‘খবরদারি’র যে সুযোগ তৈরি হয়েছে, ২০১৪-এর সংশোধনীতে, সেটি দূর করতে চান। কালকের সভার সিদ্ধান্ত সেই পথে আইসিসির পথচলার ইঙ্গিত করল। সব সদস্য দেশকেই একই দৃষ্টিতে দেখার কথা ঘোষণা করেছে আইসিসি। এ যেন আইসিসির আবার ‘সত্য যুগে’ ফেরা! সেটিও ভারতের প্রধান ক্রিকেটকর্তার উদ্যোগেই!