সাউথ এশিয়ান-এস এ গেমসের তৃতীয়দিনে দুটি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ।
নারীদের ৬৩ কেজি ভারোত্তোলনে মাবিয়া আক্তার সীমান্ত আর সাতাঁরে ১০০ মিটার ব্রেষ্টস্ট্রোক ইভেন্টে স্বর্ণ পেয়েছেন মাহফুজা আক্তার শীলা।
এদিকে নিশ্চিত হয়েছে মিশ্র আর্চারির ফাইনালও।
ভারতের গোয়াটিতে ভোগেশ্বরী ফুকানানি ইনডোর স্টেডিয়ামে নারীদের ৬৩ কেজি ওজন ভারোত্তোলন ইভেন্টে শ্রীলঙ্কা ও নেপালের প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত।
এর আগে, নারীদের ৫৮ কেজি ভারোত্তোলন ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের ফুলপতি চাকমা। সাঁতারের ১০০ মিটার ব্রেষ্টস্ট্রোক ইভেন্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণ জিতেছেন মাহফুজা আক্তার শীলা।
এদিকে, ফাইনালে ওঠায় অন্তত রূপা জিতেই দেশে ফিরবে বাংলাদেশ মিশ্র আর্চারি দল। তৃতীয় দিনে এখন পর্যন্ত ১টি করে স্বর্ণ ও রূপা এবং ৮টি ব্রোঞ্জ সহ বাংলাদেশের মোট পদক সংখ্যা দাড়িয়েছে ১০টি।