ভারতের গুয়াহাটিতে এস এ গেমসের চতুর্থ দিনে নতুন সাফ রেকর্ড গড়ে আরো একটি স্বর্ণ জিতেছেন বাংলাদেশের জলকন্যা মাহফুজা আকতার শিলা। এবারের আসরে এটি মাহফুজার দ্বিতীয় ও বাংলাদেশের তৃতীয় স্বর্ণপদক। এছাড়াও, সোমবার আর্চারিতে ২টি রৌপ্যসহ আরো ৭টি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
এবারের এসএ গেমসের সুইমিংপুল থেকে বাংলাদেশের জন্য রোববার প্রথম স্বর্ণ এনেছিলেন মাহফুজা। ১০০ মিটারের পর সোমবার ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকেও জিতলেন স্বর্ণ। ৩৪ দশমিক আট আট সেকেন্ড সময় নিয়ে শিলা গড়েছেন নতুন সাফ রেকর্ড। এটি সাঁতারে মাহফুজার ব্যক্তিগত দ্বিতীয় এবং বাংলাদেশের তৃতীয় স্বর্ণ।
সাতার থেকে আরো দুটি পদক পেয়েছে বাংলাদেশ। দুটোই ব্রোঞ্জ। দুটোই পুরুষদের ইভেন্টে। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের শাহজাহান আলী। সময় নিয়েছেন ৩০ দশমিক এক এক সেকেন্ড।
সাঁতারের অন্য ব্রোঞ্জটি এসেছে ৪০০ মিটার মিডলে থেকে। এ ইভেন্টে তৃতীয় হয়েছেন জুয়েল আহমেদ।
এদিকে নারীদের আর্চারিতে কম্পাউন্ড বো তে এবং কম্পাউন্ড মিশ্র ইভেন্টে দুটি রোপ্যপদক জিতেছেন বাংলাদেশের প্রতিযোগীরা।
আর পুরুষদের কম্পাউন্ড বোয়ে বাংলাদেশ জিতেছে ব্রোঞ্জ পদক।
এছাড়া নারীদের ৭৫ কেজি ভারোত্তোলনে ফিরোজা বেগম এবং ব্যাডমিন্টনে পুরুষ ও নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।