শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। মিরপুরে প্রথম সেমিফাইনালে ভারতের দেয়া ২৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
১৪ ফেব্রুয়ারি ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে জয়ী দল।
টস হেরে ব্যাট করতে নেমে পরিকল্পিত সূচনা করতে পারেনি ভারত। দলীয় ২৩ রানে ওপেনার রিশাভ পান্তের উইকেট হারায় তারা। ১৪ রান করে ফারনান্দোর বলে আউট হন রিশাভ। আরেক ওপেনার কিশানকে ৭ রানে ফিরিয়ে দেন কুমারা।
এরপর আনমোলকে সঙ্গে নিয়ে ভারতের স্কোরবোর্ডে রান তুলে যান সারফারাজ খান। দুজনই অর্ধশত পূরণ করেন। সারফারাজ ৫৯ এবং অন্যপ্রান্তে থাকা আনমোল আউট হন ব্যাক্তিগত ৭২ রানে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৭ রান করে ভারতীয় যুবারা।
জবাব দিতে নেমে ৪২ রান তুলতেই দ্রুত তিন উইকেট হারায় লঙ্কানরা। প্রতিরোধ গড়লেও বেশিক্ষণ টেকেনি আশান ও মেন্ডিসের জুটি।
শেষ পর্যন্ত ৪২ ওভার ৪ বলে ১৭০ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ৯৭ রানে জেতে ভারত।