স্প্যানিশ কাপ-কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেও, অ্যাগ্রিগেটে ৮-১ গোলে এগিয়ে থেকে ফাইনালের টিকেট কেটেছে কাতালানরা। ফাইনালে বার্সার প্রতিপক্ষ হবে সেল্টা ভিগো-সেভিয়া ম্যাচের জয়ী দল।
ঘরের মাঠে বার্সেলোনাকে রুখে দিলেও, টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ভ্যালেন্সিয়াকে। আলভারো নেগ্রেদোর গোলে ভ্যালেন্সিয়া প্রথমার্ধেই লিড নেয়। দ্বিতীয়ার্ধে অভিষেক ম্যাচ খেলতে নামা উইলফ্রিড কাতুমের গোলে ১-১ এ ড্র করে বার্সা।
তবে ড্র করেও, কোচ হিসেবে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছেন লুই এনরিকে। এর আগে সেমিফাইনালের প্রথম লেগ ৭-০ গোলে জিতে, ফাইনালে এক পা দিয়েই রেখেছিল বার্সা।
এদিকে, ফ্রেঞ্চ ও জার্মান কাপে জয় পেয়েছে দুই ফেভারিট প্যারিস সেইন্ট জার্মেই ও বায়ার্ন মিউনিখ। অলিম্পিক লিওনকে ৩-০ গোলে পিএসজি, আর বোখামকে একই ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।