যুবাদের বিশ্বকাপ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নিলেও পুরো আসরে বাংলাদেশ দলের পারফর্মেন্স ইতিবাচক। এমন-কি ‘এ’ টিমের কয়েকজন প্রতিভাবান ক্রিকেটাররা নজর কেড়েছেন বিসিবির নির্বাচকদের।
শুক্রবার দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার এ কথা বলেন।
হাইপ্রোফাইল কেউ টাইগারদের বয়সভিত্তিক দলের সঙ্গে দীর্ঘমেয়াদী দায়িত্ব থাকুক এমন ইচ্ছার কথা জানিয়েছেন হাবিবুল বাশার।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ফাইনাল খেলা হলো না বাংলাদেশের। মিরাজ বাহিনী গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বাতাসে গুঞ্জন এবার বুঝি শিরোপাটা উচিয়ে ধরবে জুনিয়র টাইগাররা। তবে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে সে স্বপ্ন ভেঙে গেছে।
তবে স্বপ্ন ভাঙলেও বিসিবির নির্বাচক হাবিবুল বাশার মিরাজদের পারফর্মেন্সে সন্তুষ্ট। তার মতে, ধারাবাহিক পারফর্ম করেই এ দলটি নিজেদের ওপর বাড়িয়েছে প্রত্যাশার মাত্রা।
দেশের মাটিতে খেলায় কিছুটা চাপে ছিল বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দল। স্বীকার করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচকও। তবে জানিয়ে রাখলেন চাপ সামলে ভাল খেলা কয়েকজন রয়েছেন বিসিবির নির্বাচকদের নজরে।
এদিকে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে স্বলমেয়াদে দায়িত্ব পেয়েছিলেন স্টুয়ার্ট’ল।