স্প্যানিশ লিগে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। লা লিগায় লিওনেল মেসির তিনশ গোলের রেকর্ডে, স্পোর্টিং গিহনকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা।
সেল্টা ভিগোর বিপক্ষে পেনাল্টি মিস করলেও, স্পোর্টিং গিহনের বিপক্ষে ভক্তদের অপেক্ষা আর বাড়াননি লিওনেল মেসি। বার্সেলোনাকে লিড এনে দিয়ে, প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় তিনশ গোল করেন এ আর্জেন্টাইন ফরওয়ার্ড। মিনিট দুয়েকের মধ্যে ক্যাস্ট্রো গার্সিয়ার গোলে সমতায় ফিরলেও, বার্সাকে হারাতে পারেনি স্পোর্টিং।
কিছুক্ষণের মধ্যে লুইস সুয়ারেজের পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে, বার্সাকে আবারো এগিয়ে নেন মেসি।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েও গোলের সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ। চলতি মৌসুমে সরাসরি নেয়া পনেরো পেনাল্টির সাতটিতেই গোল করতে ব্যর্থ হয়েছে কাতালানরা।
বার্সার তৃতীয় গোলটি করেন সুয়ারেজই। ৩-১ গোলে জিতে লুই এনরিকের শিষ্যরা।