এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তানের লড়াই শনিবার। হাই-ভোল্টেজ ম্যাচের আগে শুক্রবার ফতুল্লায় অনুশীলন সেরেছে দুদল। মিরপুরে ভারতের ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তানের বোলিংয়ের মোকাবেলা হবে বলে মনে করেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। অন্যদিকে ভারতের মারকুটে ওপেনার রোহিত শর্মা জানান ম্যাচের বাইরে অন্য কিছু চিন্তায় নেই টিম ইন্ডিয়ার।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। দুদেশের সীমান্তের উত্তেজনার রেশ পাওয়া যায় ক্রিকেটের ময়দানেও। দুদেশের মধ্যে সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০১২-১৩ মৌসুমে। এর মাঝে বহুবার চেষ্টা করলেও দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করতে পারেনি দুদেশের ক্রিকেট বোর্ড।
তবে দুদেশের মধ্যে বৈরী সম্পর্ক ক্রিকেটের মাঠে আনার পক্ষে নন পাকিস্তানের অধিনায়ক। জানালেন পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ-পিএসএলে খেলায় এশিয়া কাপের প্রস্তুতিটা ভালোই হয়েছে খেলোয়াড়দের।
ভারতের ব্যাটিং লাইন-আপ অনেক শক্তিশালী। তাদের ব্যাটসম্যান ও আমাদের বোলারদের লড়াইয়ে ম্যাচের ফল নির্ধারণ হবে।
এদিকে, প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে টিম ইন্ডিয়ার। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে প্রস্তুতি সারতে দেখা না গেলেও, হেসে-খেলেই অনুশীলন করেছেন কোহলি, যুবরাজরা।
পাকিস্তানের প্রত্যেক বোলারকে কীভাবে মোকাবেলা করতে হবে সে বিষয়ে পরিকল্পনার ছক বাঁধা আছে বলে জানালেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। জানালেন প্রত্যেক দলেরই আলাদা স্ট্রেন্থ থাকে। সেটা ম্যাচে কাজে লাগাতে পারাটাই দলগুলোর লক্ষ্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপও আমাদের চিন্তায় আছে। তবে এখন এশিয়া কাপ চলছে। আমরা একটি করে দল নিয়ে ভাবছি। শেষ ৬/৭টি টি-টোয়েন্টি আমরা ভালো খেলেছি। সেভাবে খেলতে পারলে আমরা ফাইনালে খেলার সুযোগও পাব।