এশিয়া কাপ টি-টোয়েন্টিতে রোববার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টুর্নামেন্টে টিকে আছে মাশরাফিবাহিনী।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে হারালেও, জিততে কষ্ট হয়েছে লঙ্কানদের।
ঘরের মাটিতে টানা তৃতীয় এশিয়া কাপ। তবে শুরুটা যেমনটা হবার কথা ছিল, তেমনটা হয়নি স্বাগতিক বাংলাদেশের। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টে প্রথম ম্যাচেই ভারতের কাছে হার ৪৫ রানে। টিম ইন্ডিয়ার তুলনামূলক দুর্বল বোলিং অ্যাটাকের সামনে এক সাব্বির ছাড়া বড় স্কোর গড়তে পারেননি কেউ।
আস্থাহীন ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের উইকেট বিলিয়ে দিয়ে আসার রি-প্লে দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও। মিথুন, সৌম্য ও মাহমুদুল্লাহ কার্যকরী ইনিংস খেললেও, ব্যর্থ হয়েছেন সাকিব, সাব্বির, মুশফিকরা। লঙ্কানদের বিপক্ষে জয় পেতে তাই ভালো ব্যাটিংয়ের বিকল্প নেই বাংলাদেশের।
বোলিং ভালো হলেও, ব্যাটিংয়ের মতোই সমস্যা দেখা গেছে ফিল্ডিংয়েও। সাকিবের পর সৌম্যকেও দেখা গেছে ক্যাচ মিস করতে। ফলে পরের দুটি ম্যাচেই ফিল্ডিংয়ে আরো সতর্ক থাকতে হবে টাইগারদের।
এদিকে, টুর্নামেন্টে একটি ম্যাচ খেললেও চ্যাম্পিয়নের মতো খেলতে পারেনি শ্রীলঙ্কা। সর্বোচ্চ পাঁচবারের এশিয়া সেরা দলটি আরব আমিরাতের বিপক্ষে ১৪ রানের কষ্টার্জিত জয়ে শুরুটা আশানুরুপ করতে পারেনি। ব্যাটিংয়ে ম্যাথিউস-দিলশান ছাড়া তেমন রান পাননি অন্যরা।
আর বোলিংয়ে মালিঙ্গা-কুলাসেকারা-হেরাথরা বিধ্বংসী হলেও, আরব আমিরাতকে অলআউট করতে পারেনি গেলবারের শিরোপাধারীরা। লঙ্কানদের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।