এশিয়া কাপ টি-টোয়েন্টির হাইভোল্টেজ ম্যাচে বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। এ ম্যাচ জিততে পারলে দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত হবে স্বাগতিকদের। চার পেসার নিয়ে সেরা একাদশ গড়া হলেও, ম্যাচের জেতার মূল দায়িত্বে থাকবেন ব্যাটসম্যানরাই, এমটাই জানালেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এদিকে, পাকিস্তানের প্রধান বোলিং কোচ জানান, পেস আক্রমন দিয়েই প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার পরিকল্পনা তাদের।
আসরের শুরুটা জয় দিয়ে না হলেও, সংযুক্ত আরব আমিরাতের পর শ্রীলঙ্কাকেও হারিয়ে এখন টি-২০’তে আত্মবিশ্বাসের ছাপ বাংলাদেশ দলের খেলোয়াড়দের চোখে-মুখে। ফাইনালে উঠার লড়াইয়ে এবার মাশরাফিদের প্রতিপক্ষ পাকিস্তান।
যাদের কি-না গেলো বছরই ওয়ানডেতে হোয়াইটওয়াশের পাশাপাশি একমাত্র টি-২০ ম্যাচেও হারিয়েছিলো টাইগাররা।
দলের প্রয়োজনে সদ্যোজাত সন্তানকে ছেড়ে দেশে ছুটে এসেছেন তামিম ইকবাল। মিথুনের জায়গায় সৌম্যর সঙ্গে দলের ব্যাটিং সূচনা করবেন ড্যাশিং ওপেনার তামিম। ইনজুরির কারণে মুস্তাফিজ আর খেলতে পারছেন না এশিয়া কাপে।
তার জায়গায় মাশরাফি-রুবেল-তাসকিনদের সঙ্গে পেস আক্রমণে যোগ দিচ্ছেন আবু হায়দার রনি। সেইসঙ্গে সাকিব-মাহমুদুল্লাহ'র পাশাপাশি সাব্বিরকে দেখা যেতে পারে স্পিনারের ভূমিকায়। তবে জিততে হলে দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদেরই, এমনটাই বললেন টাইগার অধিনায়ক।
দিন বদলছে—বাংলাদেশকে এখন সব দলই সমীহ করে। তাই তো ঐচ্ছিক অনুশীলনের দিনেও মিরপুর একাডেমি মাঠে ঘাম ঝরালো পুরো পাকিস্তান দল। দলটির প্রধান অস্ত্র পেস বিভাগ।
মোহাম্মদ আমির-সামি-ইরফান ও ওহাব রিয়াজদের গতি আর সুইংয়েই, বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে থামানোর পরিকল্পনা পাকিস্তান দলের।