সাফ ও বঙ্গবন্ধু গোল্ড কাপের সময় শৃঙ্খলাভঙ্গের দায়ে জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম মামুন ও জাহিদ হোসেনকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এছাড়া সোহেল রানা ও ইয়াসিনকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ভারতে হওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। এছাড়া দেশের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমি-ফাইনালে বাহরাইনের যুবাদের কাছে হেরে যায় মামুনুলরা।
এ দুই টুর্নামেন্টে ব্যর্থতার কারণ অনুসন্ধানে গঠিত বাফুফের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ জমা দিয়েছিল অনেক দিন আগে।
অভিযুক্ত ৭ ফুটবলারের আত্মপক্ষ সমর্থনের জবাবও গ্রহণ করেছে বাফুফের একটি কমিটি।
যেখানে অভিযুক্ত ফুটবলারদের যুক্তি ও জবাবগুলো শুনেছেন বাদল রায় ও আনোয়ারুল হক হেলাল। সবাই অপেক্ষায় ছিলেন চূড়ান্ত সিদ্ধান্তের।
অবশেষে বুধবার ন্যাশনাল টিমস কমিটি মামুনুল, জাহিদ, ইয়াসিন ও সোহেল রানাকে এ শাস্তি দেয়ার কথা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
তবে এ নিষেধাজ্ঞা কেবল জাতীয় দলের ক্ষেত্রে প্রযোজ্য। ঘরোয়া লিগে খেলতে তাদের কোনো বাঁধা নেই বলে জাননো হয়েছে।