আবারো টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের সময় পাকিস্তান দলের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকারের ক্লিয়ারেন্স চেয়েছে তারা। তবে ১৯ মার্চ ধর্মশালায় ভারত-পাকিস্তানের ম্যাচটি সময়মতো হবে বলেই আশ্বাস দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।
ভারতে হতে যাওয়া টুর্নামেন্টের সময় পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তা দেয়ার বিষয়ে এখনো ভারত সরকারের নিশ্চয়তা পায়নি পিসিবি। তাই পাকিস্তানের টুর্নামেন্টে অংশ নেয়া ও দলটির নিরাপত্তা নিশ্চিতে গণমাধ্যমের সামনে বিবৃতি দেয়ার দাবি জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।
তবে পিসিবির হুমকিতে চিন্তিত নন বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর। পাঠানকোটে সন্ত্রাসী হামলায় নিহত এবং অতীতে জম্মু ও কাশ্মীরে যারা মারা গেছেন, তাদের পরিবারকে আশ্বস্ত করেই বিশ্বকাপ আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভারত-পাকিস্তান ম্যাচের সময় পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার ব্যাপারে হিমাচল প্রদেশের চীফ মিনিস্টার সন্দেহ প্রকাশ করায়, বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।