টুর্নামেন্টের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে হারলেও ফাইনালটাকে জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চায় মাশরাফিবাহিনী।
পাঁচ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ২ বারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে পেছনে ফেলে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার সামনে ভারত। জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিয়েছে টাইগাররা। তার ফলও হাতে নাতে পেয়েছে। একমাত্র ভারতের কাছে প্রথম ম্যাচ ছাড়া সবগুলোতে জিতে ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফিবাহিনী।
ফাইনালে শক্তিমত্তার বিচারে ভারতকে এগিয়ে রাখলেও, নিজেদের সেরাটা দিয়েই খেলতে চান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এদিকে, বাংলাদেশকে ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ মেনেই মাঠে নামছে টিম ইন্ডিয়া। সবগুলো ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ফেবারিটের তকমা গায়ে চাপিয়ে টুর্নামেন্টে অংশ নেয়া ভারত। ধোনি, নেহরাদের অভিজ্ঞতার পাশাপাশি ভিরাট কোহলি ও যুবরাজ সিংরা আছেন দারুণ ফর্মে। বল হাতে আগুন ঝড়াচ্ছেন বুমরাহ- পান্ডিয়ারা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক্সপেরিমেন্ট করলেও ফাইনালে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে ভারত।
এছাড়া, নেহরা, বুমরাদের মোকাবেলায় প্রস্তুত মাহমুদুল্লাহ, সাব্বিররাও। ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নেবেন আল আমিন, মাশরাফি ও তাসকিন আহমেদরা। দলগতভাবে ভালো করতে চান টাইগার ক্যাপ্টেন।
র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকা এই দলটিকে ফেবারিট মানলেও নিজেদের সেরাটা দিয়ে খেলতে চান মাশরাফি বিন মর্তুজা।
অন্যদিকে, ঘরের মাটিতে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছে ভারতীয় টিম ম্যানেজার রবি শাস্ত্রী।
তিনি বলেন, ‘এশিয়া কাপে বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচটি কঠিন ছিলো। আমরা অনেক প্রতিদ্বন্দিতা করে ওই ম্যাচে জিতেছিলাম। ফাইনালে বোলিং ও ব্যাটিংয়ে ভারসাম্য আনা জরুরি। বাংলাদেশ নিজ মাঠে শক্ত প্রতিপক্ষ।’
এশিয়া কাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা।