বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
শুধু সেঞ্চুরিই নয়, দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে তিনি এক হাজার রানেরও মালিক হলেন। সেইসঙ্গে ক্রিকেটের তিন ফরম্যাটে সর্বোচ্চ রানেরও অধিকারী হলেন এই টাইগার ওপেনার।
ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচ হাথুরুসিংহেকে কথা দিয়ে এসেছিলেন সেঞ্চুরি হাঁকানোর। কথা রেখেছেন তামিম।
টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকানো তামিম, শূন্যে লাফিয়ে উৎযাপন করলেন স্মরণীয় ইনিংসটিকে।
ওমানের বিপক্ষে ব্যাট করতে নেমে ধীর লয়ে শুরু করেছিলেন তামিম। তবে ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্বভাবসুলভ খেলা উপহার দিতে থাকেন। বাউন্ডারি ওভার বাউন্ডারি হাকিয়ে নাস্তানাবুদ করেন ওমান বোলারদের। বাউন্ডারি হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করে তামিম জানান দিলেন, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের দুই ইনিংসকে ছাড়িয়ে যাওয়ার অঙ্গীকারের।
সঙ্গ দিয়ে যাওয়া সাব্বির আউট হয়ে গেলেও ক্রিজে অপ্রতিরোধ্য ছিলেন তামিম। ৬০ বলে ১০টি চার ও ৫ টি ছক্কা হাকিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। আর সেই সঙ্গে হলেন ক্রিকেটের তিন সংস্করণে সর্বোচ্চ রানের মালিক।