জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে পারলো না বাংলাদেশ নারী দল। বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৭২ রানে হেরেছে জাহানারা আলম বাহিনী।
চিন্নাসোয়ামী স্টেডিয়ামে টস জিতে, ব্যাটিং উইকেটে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন ভারতীয় ব্যাটাররা। অষ্টম ও নবম ওভারে পরপর দুটি উইকেট তুলে নিয়ে রানের গতি কিছুটা কমান টাইগ্রেস স্পিনাররা।
তবে খাদিজাতুল কোবরার হাত থেকে মিথালীর রিটার্ন ক্যাচ ফসকে যাওয়ার পর, আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। মিথালি-হারমানপ্রীতদের ব্যাটে, টি-টোয়েন্টিতে নিজেদের দলীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েন ভারতীয় নারীরা। ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান করেন স্বাগতিকরা।
১৬৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আশানুরূপ সূচনা হয়নি বাংলাদেশের। ৫ উইকেট হারিয়ে পুরো ২০ ওভার খেললেও, স্কোরবোর্ডে মাত্র ৯১ রান তোলে বাংলাদেশ। ৭২ রানে জেতে ভারত।