ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ—‘টু’ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এটি বিশ্বকাপে কিউইদের দ্বিতীয় জয়। ব্ল্যাক ক্যাপদের দেয়া ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করে অজিরা।
টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান তোলে তারা। তবে, এরপর কিউইদের ইনিংসের লাগাম টেনে ধরে অস্ট্রেলিয়ান বোলাররা। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪২ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড।
জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়াও। ওপেনার উসমান খাজা করেন ৩৮ রান। তবে বড় স্কোর করতে পারেননি ওয়াটসন, স্মিথ ও ওয়ার্নার। ৫ম উইকেটে ৩৪ রান যোগ করেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ।
তবে এদুজনের বিদায়ের পর দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করে অস্ট্রেলিয়া।