টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে ৩ এপ্রিল— তবে শুক্রবার শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আগামীকাল বিকেল সাড়ে ৩টায় কলকাতার ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা।
সুপার টেনে ৩ ম্যাচের সবকটিতে হেরে, এরই মধ্যে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে মাশরাফি বাহিনীর। এখন আর হারানোর কিছু নেই লাল সবুজের প্রতিনিধিদের। দেশে ফেরার আগে তাই অন্তত একটি জয় পেতে চায় টাইগাররা।
বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করেই সুপার টেনে জায়গা করে নিয়েছিলো বাংলাদেশ। তবে, তাসকিন আহমেদ ও আরাফাত সানির মতো দুজন ইনফর্ম ক্রিকেটারকে হারিয়ে ছন্দপতন ঘটে টাইগারদের। পরপর তিনটি ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় মাশরাফি বাহিনীর।
শনিবার নিয়ম রক্ষার ম্যাচে ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। এ ম্যাচে জিতলেও সেমিফাইনালে যেতে পারবে না বাংলাদেশ।
এদিকে, আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় এ ম্যাচে হারলেও কোনো ক্ষতি হবে না নিউজিল্যান্ডের। কিউইদের শক্তিমত্তার বিচারে এগিয়ে রাখলেও দেশে ফেরার আগে অন্তত একটি স্বান্তনার জয় চান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ভারতের বিপক্ষে ১ রানে হারের দু:সহ স্মৃতি ভুলে যেতে চায় টাইগাররা। ওই ম্যাচের ভুলত্রুটি গুলো থেকে শিক্ষা নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে চান মাশরাফি বিন মর্তুজা।